নিজস্ব প্রতিবেদক | Info Bangla
একটি হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বলেছেন, ‘জয়বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।’ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালতে হাজিরা শেষে গাড়িতে ওঠার সময় তিনি এ মন্তব্য করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের সামনে গুলিতে রিকশাচালক তুহিন নিহত হন। এ ঘটনায় নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর এবং সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে অন্যান্যদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, নজরুল ইসলাম বাবু, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ৯৯ জন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
এর আগে তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার নিম্ন আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং সাবেক মেয়র আইভীর পুনরায় জামিনের দিন ধার্য ছিল। শুনানির সময় তার আইনজীবী আদালতে পুনরায় জামিনের আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।
আদালতের কার্যক্রম ও শুনানি শেষে বের হয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টনীর মধ্যে ছিলেন আইভী। এ সময় তিনি ‘জয়বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ বলে স্লোগান ধরেন। তার দেখাদেখি উপস্থিত নেতাকর্মীরাও পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উঠেন। স্লোগান দিতে দিতেই তিনি গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।
আইভীর জামিন ও মামলার বিষয় নিয়ে তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনরায় জামিনের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা বিস্ফোরক আইনে প্রতিবেদন দাখিল করলেও পিপি বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে নারাজি আবেদন দিয়েছেন। আমরা আদালতে যুক্তিকথনে তুলে ধরেছি যে এটি আইনসম্মত হয়নি। পরবর্তীতে আমরা ডা. সেলিনা হায়াৎ আইভীর জন্য পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
