নিজস্ব প্রতিবেদক | Info Bangla

আলোচিত চরমোনাইপন্থী ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা দায়ের করেছেন তাঁর পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলাটি আমলে নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৮ নম্বর বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে আদালতে মামলাটি দায়েরের পর বাদীপক্ষের আইনজীবী ও সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইবরাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নালিশি তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে শরিয়াহ অনুযায়ী হাবিবুর রহমান মিসবাহর সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। পরবর্তীতে ২০২৫ সালের ২১ জানুয়ারি তাঁদের ঘরে ‘আফরাদ মিসবাহ’ নামে এক পুত্রসন্তানের জন্ম হয়। বাদীর অভিযোগ, বিয়ের সময় মিসবাহ তাঁর পূর্বের চারটি বিয়ের তথ্য পুরোপুরি গোপন করেছিলেন। পরবর্তীতে জানা যায়, তিনি মোট নয়টি বিয়ে করেছেন, যার কোনোটিরই আইনি কাবিননামা বা সরকারি নিবন্ধন ছিল না।

বাদীপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, ধর্মীয় বক্তা হিসেবে নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে মিসবাহ বিভিন্ন সময়ে নারীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। হুমায়রা জান্নাত তাঁর পঞ্চম স্ত্রী হলেও পরবর্তীতে তিনি আরও চারটি বিয়ে করেন এবং একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন বলে অভিযোগে উঠে এসেছে। আদালত নালিশি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আসামির উপস্থিতি নিশ্চিত করতে এই সমন জারি করেন।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version