নিজস্ব প্রতিবেদক | Info Bangla
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার ভোরে উপজেলার ভাটিয়ারী এলাকায় অবস্থিত ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’-এ জাহাজ কাটার কাজ চলার সময় হঠাৎ বিষাক্ত গ্যাস লিকেজ হয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভেতরে আটকে পড়া তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন। সেই সঙ্গে বিষাক্ত গ্যাসে আক্রান্ত আরও একাধিক শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই আরও চার শ্রমিকের মৃত্যু হলে মর্মান্তিক এই ঘটনার প্রাণহানি বেড়ে সাতে পৌঁছায়। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাহমুদা বেগম মর্মান্তিক এই দুর্ঘটনায় সাত শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, বিষাক্ত গ্যাসের আবেশে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে আরও চারজন মারা যান। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম জোরদার করার পাশাপাশি দুর্ঘটনার মূল কারণ ও গ্যাস লিকেজের উৎস চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

