নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে ১৬১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

রোববার (৯ আগস্ট) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শরীয়তপুরের নড়িয়া থানার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার শেরেবাংলা নগর এলাকায় বসবাসকারী মোস্তাফিজুর রহমান (৩২) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা,কলাপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, স্থানীয় রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ মো. আসাদুজ্জামান ভুলু আরিফ ওরফে পিস্তল আরিফ (৪৩)

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, রবিবার রাতে লেবুখালী টোলপ্লাজায় চেকপোস্ট ডিউতিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, এক ব্যক্তি মাইক্রোবাসের যাত্রী সেজে স্কুলব্যাগে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে পটুয়াখালীর দিকে আসছেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে দুমকি থানার একটি বিশেষ টিম দ্রুত টোলপ্লাজায় অবস্থান নেয়।

রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে সন্দেহভাজন মাইক্রোবাসটি টোলপ্লাজার চেকপোস্টে থামানো হয়। এ সময় চালকের পাশের আসনে বসা মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কথাবার্তা অসংলগ্ন মনে হয়। পরবর্তীতে তাঁর সঙ্গে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে ১৬১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর রহমান স্বীকার করেন যে, তিনি কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কলাপাড়ার আসাদুজ্জামান হাং ওরফে ভুলু আরিফের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে।

অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি জলপাই রঙের স্কুলব্যাগ, একটি মোবাইল ফোন এবং নগদ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।

পটুয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ১০ আগস্ট রুজু হওয়া ওই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) এবং ৪১ ধারা প্রযোজ্য করা হয়েছে। এছাড়া, গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা ভুলু আরিফ রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। আতঙ্কে সাধারণ মানুষ তাঁর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না। পুলিশ তাকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি, এ ধরনের অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে দলীয় পদ থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version