নিজস্ব প্রতিবেদক | Info Bangla
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। খাবার সরবরাহের কাজ করার সময় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান তিনি।
স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ডোরড্যাশের হয়ে খাবার ডেলিভারি দেওয়ার সময় মাহফুজুল হককে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং একটি রাইফেল থেকে ব্যবহৃত দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
নিহত মাহফুজুল হক আল-শাম উইলো গ্রোভের একজন কর্মচারী ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন।

