নিজস্ব প্রতিবেদক | Info Bangla
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৪১ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ১২ জন এবং রাজশাহী বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, একই সময়ে ১০৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ৪ হাজার ৮০০ জন ছাড়পত্র পেয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ১৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং এ রোগে ৪১৩ জনের মৃত্যু হয়। এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ওই বছরে ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন।

