নিজস্ব প্রতিবেদক | Info Bangla


ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ঘরে থাকা তার স্বামীকে বেঁধে মারধর করার খবরও পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এই ঘটনা ঘটে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ বেশ কিছুদিন ধরে তার মায়ের বাড়িতে বসবাস করছিলেন। বাড়ির একটি পৃথক কক্ষে তিনি তার স্বামী ও তিন বছর বয়সী সন্তান নিয়ে থাকতেন। রাত আনুমানিক ১টার দিকে মুখোশধারী ৭ থেকে ৮ জনের একটি দুর্বৃত্ত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

তারা প্রথমেই গৃহবধূর স্বামীকে রশি দিয়ে বেঁধে মারধর করে অবরুদ্ধ করে ফেলে। পরে দুর্বৃত্তরা গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্বজনরা ভুক্তভোগীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।


এই ন্যাক্কারজনক ঘটনার পর বুধবার (১৭ জুন) ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে সংশ্লিষ্ট পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী গৃহবধূকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version