নিজস্ব প্রতিবেদক | Info Bangla
রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে। পুলিশের এই কঠোর পদক্ষেপে বেশ কয়েকজন গ্রাহক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন কয়েকশো বিক্ষুব্ধ গ্রাহক। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা স্লোগান শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সেখান থেকে সরে যেতে নির্দেশ দেয়। কিন্তু তারা অবস্থান নিয়ে স্লোগান চালিয়ে যেতে থাকলে একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ কারণে গোটা মতিঝিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্যান্য ব্যাংকের কার্যক্রমও স্থবির হয়ে যায়।
আন্দোলনকারী গ্রাহকদের অভিযোগ, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছিলেন, কিন্তু পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর চড়াও হয়েছে। পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে আহতদের মধ্যে অন্তত একজনকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।গ্রাহকরা জানান, নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। তাদের আশঙ্কা, এই নিয়োগের ফলে অতীতে ব্যাংকটিতে যেসব অনিয়ম ও বিতর্কের ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি হতে পারে। মূলত এই উদ্বেগ থেকেই তারা প্রতিবাদ কর্মসূচিতে নেমেছিলেন।
সংঘর্ষের পর থেকে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে দিলকুশা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সমগ্র ব্যাংকপাড়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশি অভিযানের পর আন্দোলনকারীদের একটি অংশ পুনরায় ব্যাংকের আশপাশের এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের সরিয়ে দেয়।

