ডেস্ক রিপোর্ট
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় অংশগ্রহণকারীদের বাধা প্রদান ও ‘মব’ করার হুমকি দিয়েছেন এক স্থানীয় বিএনপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই নেতার এমন উসকানিমূলক স্ট্যাটাসে এলাকায় উত্তেজনা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট ওই বিএনপি নেতা তার ফেসবুক পেজে লিখেছেন, আগামীকাল (বৃহস্পতিবার) শান্তিরহাট রোডের মুখে তাদের অবস্থান থাকবে। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ‘আওয়ামী সন্ত্রাসীদের’ তথ্য যাচাইয়ের জন্য তারা সেখানে থাকবেন। একই সাথে তিনি জানাজায় আসা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সন্দেহের তালিকায় রাখার নির্দেশ দিয়ে লিখেন, “কোন শব্দ ছাড়া প্রতিহত করতে হবে।”
একজন প্রয়াত রাজনীতিবিদের শেষ বিদায়ে এ ধরনের প্রতিহিংসামূলক আচরণ ও প্রকাশ্য হুমকির বিষয়টি চট্টগ্রামের সাধারণ মানুষ ও সচেতন মহল ভালোভাবে গ্রহণ করছে না। স্থানীয়দের মতে: দলমত নির্বিশেষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামের একজন অত্যন্ত সজ্জন ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার জানাজায় অংশ নিতে বাধা দেওয়া বা সেখানে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানো সুস্থ রাজনৈতিক চর্চার পরিপন্থী।
এই নেতার ঔদ্ধত্যপূর্ণ হুমকির পরও এখন পর্যন্ত সংশ্লিষ্ট দল (বিএনপি) বা তাদের মিডিয়া সেল থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ বাদ আসর ঢাকার গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা, চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তার ২য় জানাজ এবং বিকেল ৫টা, মিরসরাই মহাজনহাট স্কুল মাঠে ৩য় জানাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানাজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায় যেন যথাযথ সম্মান ও শান্তির মধ্য দিয়ে সম্পন্ন হয়।

