নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইলে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে টানা পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন রনিকে গ্রেফতার করেছে পুলিশ।
একই সাথে এই ঘটনায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত রনির মাকেও গ্রেফতার করা হয়েছে।মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে নিরুদ্দেশ হন ছাত্রদল নেতা নাসির উদ্দিন রনি। এরপর একটি ভাড়া বাসায় মেয়েটিকে টানা পাঁচ দিন আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। নিখোঁজ থাকাকালীন সময়ে রনি এলাকায় স্বাভাবিকভাবে ঘোরাফেরা করলেও মেয়েটির কোনো হদিস দিচ্ছিলেন না।
মেয়ের সন্ধান না পেয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে ঘাটাইল মডেল থানায় নাসির উদ্দিন রনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।মামলা দায়েরের পর পুলিশি অভিযানে প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন রনি এবং তার মাকে গ্রেফতার করা হয়। ঘাটাইল থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং মামলার প্রেক্ষিতেই আসামিদের গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে একজন ছাত্রনেতার এমন কুরুচিপূর্ণ ও অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
