ইনফো বাংলা ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। আজ সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ব্যক্তিগত পোস্টে তিনি নিজেই পদত্যাগের এই বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন।
ফেসবুক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি।’ দীর্ঘ সাত বছরের শিক্ষকতাজীবনে প্রশাসনিক কোনো দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না উল্লেখ করে তিনি জানান, এর আগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও তিনি সব সময় প্রশাসনিক পদ থেকে দূরে থাকতেই পছন্দ করতেন।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের কাছ থেকে দায়িত্ব গ্রহণের প্রস্তাব সংবলিত ফোন পাওয়ার পর তিনি এই চ্যালেঞ্জ নিতে আগ্রহী হন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লেখেন, ‘আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ। সাধারণত একটু সিনিয়র শিক্ষকরা যে বিশাল দায়িত্ব পান, সেই দায়িত্বে আমি আসছি—এটি ছিল বড় প্রাপ্তি।’
পদত্যাগপত্রে সাবেক প্রক্টরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এই শিক্ষিকা আরও উল্লেখ করেন, গত দুই বছরে অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সান্নিধ্যে থেকে তিনি শিখেছেন কীভাবে অসীম ধৈর্য ও সংযমের সঙ্গে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয় এবং শিক্ষার্থীদের অভিভাবকসুলভ স্নেহে আগলে রাখতে হয়। বিশেষ করে জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে তিনি এক ‘অভূতপূর্ব’ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।
তার মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ইতিপূর্বে কোনো প্রক্টর বা প্রক্টোরিয়াল টিমকে এমন নজিরবিহীন ও জটিল পরিস্থিতি মোকাবিলা করতে হয়নি। ব্যক্তিগত ও পারিপার্শ্বিক কারণে এই দায়িত্ব ছাড়লেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

