নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৫৬ জন।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। তবে হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। অর্থাৎ গত ৫০ দিনে দেশে মোট ৩১১ জন প্রাণ হারিয়েছেন।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। মোট ৩১১ জন নিহতের মধ্যে ঢাকা বিভাগেই ১৬১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের দ্রুত টিকাদানের ওপর গুরুত্বারোপ করেছে। হঠাৎ জ্বর বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
