নিজস্ব প্রতিবেদক
রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোখলেছুর রহমান (৫৫)। তিনি উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকার একটি বটগাছের নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার (২৯ আগস্ট) দুপুরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে মোখলেছুর রহমান রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতের অন্ধকারে শান্তিপাড়া এলাকায় বটগাছের নিচে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশের ধারণা, রাত ৮টা থেকে ১০টার মধ্যে সংঘবদ্ধ দুর্বৃত্তরা রিকশাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে গলা কেটে হত্যা করে রিকশাটি নিয়ে চম্পট দেয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
