নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু পরিবারগুলোকে লক্ষ্য করে সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে এক সাংবাদিক প্রশ্ন তোলেন যে, বাংলাদেশে চলমান পরিস্থিতির পাশাপাশি সংখ্যালঘু হিন্দু পরিবারগুলোকে ইচ্ছাকৃতভাবে নিশানা করার ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ আইনি পদক্ষেপ নিচ্ছে কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল স্পষ্ট করেন যে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং সকল নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের দায়িত্ব। এই দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
কূটনৈতিক মহলের মতে, প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়ে ভারতের এই মন্তব্য বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
