টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা শহরের কেন্দ্রস্থল পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সন্তান সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের অবমাননা করার অভিযোগ উঠেছে। সেখানে অনুষ্ঠিত বিসিক উদ্যোক্তা মেলার স্টল নির্মাণ করতে গিয়ে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে শামিয়ানা ও খুঁটির সাথে সংযোগ দেওয়া হয়েছে।

​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই দৃশ্য সম্বলিত একটি ছবি ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহল এবং বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।

​সরেজমিনে দেখা যায়, পৌর উদ্যানের একপাশে সারিবদ্ধভাবে স্থাপিত সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যগুলোকে মেলার স্টল তৈরির কাজে ব্যবহার করা হয়েছে। প্রতিটি ভাস্কর্যের গলার অংশে শক্ত করে রশি বেঁধে তা দিয়ে মেলার অস্থায়ী অবকাঠামো বা প্যান্ডেল টানা দেওয়া হয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি এমন চরম উদাসীনতা ও অবমাননাকর কর্মকাণ্ডে হতবাক শহরবাসী।

​স্থানীয়রা জানান, বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) মেলার আয়োজন করতে গিয়ে আয়োজকরা ন্যূনতম কাণ্ডজ্ঞান ও সম্মানের পরিচয় দেননি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতিকৃতিকে স্রেফ দড়ি বাঁধার খুঁটি হিসেবে ব্যবহার করা অত্যন্ত লজ্জাজনক এবং এটি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

​এ বিষয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে বীরদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ, আজ তাদেরই ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে মেলা করা হচ্ছে। এটি শুধু অবমাননা নয়, চরম ধৃষ্টতা। তারা দ্রুত এই রশি অপসারণ এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

​পৌর কর্তৃপক্ষ এবং মেলা আয়োজক কমিটির দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে সাধারণ মানুষের প্রশ্ন, কেন জনসম্মুখে এমন অবমাননাকর কাজ শুরু করার সময় কারও চোখে পড়ল না।

Leave A Reply

Exit mobile version