নিজস্ব প্রতিবেদক | ঢাকা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭২তম জন্মদিন আজ। ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষা জীবনে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন শেখ জামাল। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত সংস্কৃতিমনা এবং খেলাধুলার প্রতি অনুরাগী।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পরিবারের অন্য সদস্যদের সাথে গৃহবন্দী থাকা অবস্থায় দেশের টানে জীবন বাজি রেখে বন্দিদশা থেকে পালিয়ে তিনি ভারতের আগরতলায় পৌঁছান। সেখানে মুজিব বাহিনীতে যোগ দিয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ৯ নম্বর সেক্টরে সম্মুখ সমরে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৮ ডিসেম্বর তিনি রণাঙ্গন থেকে বীরবেশে ঢাকায় ফিরে আসেন।
স্বাধীন বাংলাদেশে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সের প্রথম ব্যাচের কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে গৌরব অর্জন করেন। তিনি যুগোস্লাভিয়ার মিলিটারি একাডেমি এবং পরবর্তীতে ব্রিটেনের বিখ্যাত স্যান্ডহার্স্ট একাডেমি থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি ঢাকা সেনানিবাসস্থ দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। অত্যন্ত স্বল্প সময়েই তিনি তার পেশাদারিত্ব ও অমায়িক ব্যবহারের মাধ্যমে সবার প্রিয়ভাজন হয়ে ওঠেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটে সপরিবারে শাহাদাত বরণ করেন এই অকুতোভয় দেশপ্রেমিক।

