নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘বাবা আমাকে বুকে নাও, আমাকে পানি দাও’—রাজধানীর মিরপুরের ডা. এম আর খান শিশু হাসপাতালে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এভাবেই বাবার কাছে নিজের শেষ আকুতি জানিয়েছিল ৪ বছর ৩ মাস বয়সী আকিরা হায়দার আরশি। কিন্তু চিকিৎসকের কড়াকড়িতে শেষবার মেয়েকে না বুকে টেনে নিতে পেরেছেন বাবা আল আমিন, না পেরেছেন তৃষ্ণার্ত কণ্ঠে পানি তুলে দিতে। ২ এপ্রিল রাত আটটার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকেরা ছোট্ট আকিরাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রদত্ত মৃত্যুসনদে আকিরার মৃত্যুর কারণ হিসেবে হামের পাশাপাশি শ্বাসযন্ত্রের তীব্র প্রদাহ, রক্তে জীবাণু সংক্রমণ (সেপসিস) এবং হৃদ্‌যন্ত্রের জন্মগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। ১ এপ্রিল দুপুরে পিআইসিইউতে শেষবার যখন বাবার সঙ্গে কথা হয়, তখন আকিরা ঘাড় ঘুরিয়ে দুহাত বাড়িয়ে আকুতি জানিয়েছিল। বাবার বুক ফেটে গেলেও সংক্রমণের আশঙ্কায় কাছে যাওয়ার অনুমতি দেননি চিকিৎসকেরা। কলিজার টুকরোকে হারানোর এই শোক এখনো স্তব্ধ করে রেখেছে বাবা আল আমিনকে। হাসপাতালের আনুষ্ঠানিকতায় মেয়ের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেও কানে এখনো বাজছে সেই শেষ আবদার।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version