নিজস্ব প্রতিবেদক | ঢাকা​রাজধানীর

হাতিরঝিল থানাধীন উলন রোড এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার নৃশংস ঘটনা ঘটেছে। নিখোঁজের তিনদিন পর আজ স্থানীয়রা একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অভিযুক্ত ব্যক্তি একজন সচিবের ছেলে হওয়ায় শুরু থেকেই তারা আইনগত ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করেছে।​পরিবার সূত্রে জানা গেছে, তিনদিন আগে শিশুটি বাসা থেকে নিখোঁজ হয়।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে দাবি স্বজনদের। অভিযোগ রয়েছে, পুলিশ তাদের গুরুত্ব না দিয়ে থানা থেকে ফিরিয়ে দেয়।​আজ স্থানীয় বাসিন্দারা উলন রোডের একটি ভবনের সেপটিক ট্যাংকে শিশুটির মরদেহ ভাসতে দেখে তা উদ্ধার করেন।

এলাকাবাসীর দাবি, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছিলো।​মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের পরিবার হাতিরঝিল থানায় মামলা করতে গেলে পুলিশ প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই ঘটনার প্রধান অভিযুক্ত ব্যক্তি একজন সরকারের উচ্চপদস্থ সচিবের ছেলে। এই প্রভাবে পুলিশ শুরু থেকেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল।​পুলিশের এই অবস্থানের প্রতিবাদে কয়েকশ স্থানীয় বাসিন্দা থানা ঘেরাও করেন। এ সময় তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। উত্তপ্ত পরিস্থিতির মুখে দীর্ঘ সময় পর পুলিশ মামলা নিতে বাধ্য হয়।​থানা ঘেরাওয়ের বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে জিডি না নেওয়া বা মামলার বিষয়ে গড়িমসির অভিযোগ নিয়ে তারা সরাসরি কোনো মন্তব্য করেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave A Reply

Exit mobile version