চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন উত্তর আগ্রাবাদ এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রমনা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ ছায়েদুর রহমান তিন কন্যাসন্তানের জনক ছিলেন। তার দুই মেয়ে ঢাকায় বসবাস করেন এবং অপর এক মেয়ে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও সহকর্মী সূত্রে জানা যায়, ঘটনার দিন বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি ব্যাংকে সহকর্মীদের সঙ্গে দাপ্তরিক বৈঠক করেন। সে সময় তাকে স্বাভাবিক মনে হলেও গত দুই-তিন মাস ধরে তিনি কর্মস্থলে কিছুটা চুপচাপ ও অন্তর্মুখী জীবনযাপন করছিলেন। মিটিং শেষে বাসায় ফেরার পর তিনি ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ দরজা না খোলায় স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা এটি আত্মহত্যা হতে পারে। তবে কী কারণে তিনি এই পথ বেছে নিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল জানান, ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তসহ অন্যান্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

