নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। একই সাথে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং প্রবাসীদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবিকার তাগিদে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে নওগাঁর আত্রাই, নাটোরের নলডাঙ্গা এবং রাজশাহীর বাগমারা অঞ্চলের এই প্রবাসীরা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও তাঁদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের গাফিলতি ও উদাসীনতা কোনোভাবেই বরদাস্ত করার মতো নয়। প্রবাসে শ্রমজীবী মানুষের অনিরাপত্তা ও অরক্ষিত অবস্থার কথা উল্লেখ করে এটি রাষ্ট্রের দায়িত্বহীনতার শামিল বলেও বিজ্ঞপ্তিতে মন্তব্য করা হয়।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি থেকে অতি দ্রুত সরকারি ব্যবস্থাপনায় নিহত শ্রমিকদের মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব গ্রহণ করে সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা এবং প্রবাসীদের কর্মক্ষেত্রের নিরাপত্তা ও ঝুঁকি নিরসনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া, শোকসন্তপ্ত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ ছাত্রলীগ অতন্দ্র প্রহরীর মতো থাকবে বলেও জানানো হয়।

