‘আদালত এখন বন্ধ হবে, আবার জানুয়ারিতে খুলা হবে। আর যদি খুলা হয় তাহলে বম মারা হবে।’ এমন হুমকি দিয়ে লেখা একটি চিরকুট ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালত প্রাঙ্গণে জজের কক্ষে প্রবেশপথের দেয়ালে সাঁটানো অবস্থায় পাওয়া গেছে। একই ধরনের আরেকটি চিরকুট আদালতের এ এস এম মেহেদী হাসান নামে এক আইনজীবীর কক্ষ থেকেও উদ্ধার করা হয়েছে।
২৭ জানুয়ারি, ২০২৬, মঙ্গলবার সকালে চিরকুট দুটি নজরে আসার পর আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাশাপাশি বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের নাজির রবিউল ইসলাম মঙ্গলবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি ঈশ্বরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সন্ধ্যায় আরেকটি জিডি করা হয়।

