নিজস্ব প্রতিনিধি :
সদা হাস্যোজ্জ্বল, দেশীয় পোশাকে নিজেকে উপস্থাপন করা ড. মুহাম্মদ ইউনুসকে আমরা কতটা চিনি এই প্রশ্নকে সামনে রেখেই প্রকাশিত হয়েছে নতুন বই “The Yunus Files: Unmasking a Fake Saint”। বইটি রচনা করেছেন সাবেক এনএসআই কর্মকর্তা আমিনুল হক পলাশ ও প্রবীর বিধান।
অর্থনীতিতে মাইক্রোক্রেডিট ব্যবস্থার প্রচলন ঘটিয়ে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনের একটি মডেল উপস্থাপন করেছেন ড. মুহাম্মদ ইউনুস। শক্তিশালী বক্তব্য ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জনের মাধ্যমে তিনি শান্তিতে নোবেল পুরস্কারও লাভ করেন।
তবে, মাঠপর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠীর একটি অংশ এই ক্ষুদ্রঋণ ব্যবস্থার কারণে নানা সংকটে জড়িয়ে পড়েছে এবং অনেকেই এতে সর্বহারা হয়ে পড়েছে। প্রান্তিক মানুষের দৃষ্টিতে তিনি কোনো “শান্তির দূত” নন; বরং তিনি তাদের কাছে এক রক্তচোষা শয়তানের প্রতীক।
প্রান্তিক জনগোষ্ঠী পশ্চিমা সমর্থনপুষ্ট এই ব্যক্তিত্বকে চিনলেও আমাদের দেশের একটি এলিট শ্রেণি তাকে ইতিবাচক হিসেবেই দেখেন তবে তাদের এই ইতিবাচক ধারনা যে কতটা ভুল ধারনা সেই চিত্র তুলে ধরতেই সাবেক এনএসআই কর্মকর্তা আমিনুল হক পলাশ ও প্রবীর বিধান রচনা করেছেন গবেষণাধর্মী বই “The Yunus Files: Unmasking a Fake Saint”।
তারা ড. ইউনুসের কর্মকাণ্ড, প্রভাব ও বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে বইটি রচনা করেছেন।
বইটিতে একটি কথিত ষড়যন্ত্রমূলক অভ্যুত্থান, পরবর্তী সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাষ্ট্রক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বলে লেখকরা দাবি করেছেন। তাদের মতে, এসব বিষয় দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলেছে, যা বইয়ের বিভিন্ন অধ্যায়ে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে।
“The Yunus Files: Unmasking a Fake Saint” বইটিকে লেখকরা ইউনুসের কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্য দলিল হিসেবে উল্লেখ করেছেন।
এই বইটির একটি উল্লেখযোগ্য দিক হলো এর ভূমিকাটি লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
নালন্দা প্রকাশনা থেকে গত ২৬ জুন বইটি প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকার বাংলাবাজারে এটি পাওয়া যাচ্ছে। এছাড়া শিগগিরই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অ্যামাজনে বইটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাঠকরা এটি সংগ্রহ করতে পারেন।
বাংলাদেশের বাইরেও কলকাতার কিছু বইয়ের দোকানে বইটি পাওয়া যাবে বলে প্রকাশনা সূত্রে জানানো হয়েছে।

