নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৮ মে, ২০২৬) এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিনিধিগণসহ নবনির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানান। বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শ্রী শুভেন্দু অধিকারীকে তিনি বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে শেখ হাসিনা বিজয়ী সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একইসঙ্গে তিনি পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতের জনগণের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশা করেন। প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আগামীতে আরও সুদৃঢ় হবে বলেও বার্তায় আশাবাদ ব্যক্ত করা হয়।
আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিনন্দন বার্তার কথা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিটির শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানসহ বাংলাদেশের চিরজীবী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

