নিজস্ব প্রতিবেদক | ঢাকা তারিখ: মে ৮, ২০২৬
২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় জড়িত ‘অনুপ্রবেশকারী’ শিবির নেতাদের বিচার দাবি করেছেন তৎকালীন হামলার শিকার ছাত্রদল নেত্রী তন্বী মল্লিক। আজ এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, সে সময় ছাত্রলীগের ব্যানার ব্যবহার করে মূলত ছাত্রশিবিরের নেতারাই তাদের ওপর নৃশংস হামলা চালিয়েছিল।
হামলা ও ‘অনুপ্রবেশকারী’ বিতর্ক ২০২২ সালে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-ছাত্রলীগ রক্তক্ষয়ী সংঘর্ষের সময় তন্বী মল্লিকের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ওই সময় হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছিলেন ছাত্রলীগ নেতা মুসা মন্ডল। তবে গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, মুসা মন্ডল মূলত ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তিনি সুকৌশলে ছাত্রলীগে অনুপ্রবেশ করেছিলেন।
সাক্ষাৎকারে তন্বীর বিস্ফোরক মন্তব্য আজকের ইন্টারভিউতে তন্বী মল্লিক বলেন, “সেদিন যারা আমাদের ওপর হামলা করেছিল, তাদের অনেকের পরিচয় এখন সামনে আসছে। মুসা মন্ডলের মতো শিবির কর্মীরা ছাত্রলীগের ভেতর ঢুকে আমাদের ওপর চড়াও হয়েছিল। আসলে ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে শিবিরই সেদিন আমাদের ওপর হামলাগুলো চালিয়েছিল।”
তিনি আরও যোগ করেন, “এতদিন ভয়ে অনেকে মুখ খুলতে পারেনি, কিন্তু এখন সময় এসেছে সত্য প্রকাশ করার। আমরা চাই শুধু ছাত্রলীগ নামধারী নয়, বরং পর্দার আড়ালে থাকা ওইসব অনুপ্রবেশকারী ও তাদের মদদদাতাদেরও আইনের আওতায় আনা হোক।”

