নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ উচ্চমূল্যের মাদক আইসসহ (ক্রিস্টাল মেথামফেটামিন) ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদুর রহমান সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় সাড়ে ১৭ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরের একটি এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারকৃত সাজ্জাদুর রহমান সাকিব ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড পরান চৌধুরী বাড়ির বাসিন্দা। তিনি ফটিকছড়ি কলেজের ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান মেয়র পদপ্রার্থী ও লন্ডন প্রবাসী মাসুদুর রহমানের আপন ভ্রাতুষ্পুত্র বলে জানা গেছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত সাকিবের কাছ থেকে উদ্ধার হওয়া আইস বা ক্রিস্টাল মেথামফেটামিন বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী ও ব্যয়বহুল মাদক। সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি মাদক ব্যবসার একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিল। সাকিবের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমসহ একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ফটিকছড়ি ও চট্টগ্রাম শহরের আইনশৃঙ্খলা রক্ষায় সাকিবের গ্রেপ্তারকে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ। তার সাথে আর কারা এই মাদক চালানের সাথে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

