নিজস্ব প্রতিবেদক | ফেনী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার অন্যতম আসামি গাজী এনামুল হক ওরফে সুজনকে দলীয় পদ দেওয়ার ঘটনায় উত্তাল ফেনী।
এ নিয়ে সমালোচনার মুখে শেষ পর্যন্ত ফেনী পৌর যুবদলের কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে পৌর যুবদলের ঘোষিত ১২টি ওয়ার্ড কমিটিও।
রোববার (৩ মে) দুপুরে কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গাজী এনামুল হককে ফেনী পৌরসভার একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ঘটনা জানাজানি হলে দলের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনী পৌর যুবদলের কমিটি এবং এর আওতাধীন ১২টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি বিতর্কিত ব্যক্তিকে পদ দেওয়ার বিষয়ে যথাযথ ব্যাখ্যা চেয়ে ফেনী পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।এদিকে, অভিযুক্ত গাজী এনামুল হকের যুবদলের প্রাথমিক সদস্যপদ স্থগিত করার পাশাপাশি তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী যেকোনো কাজের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ফেনীতে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত অন্যতম আসামি এই গাজী এনামুল হক। তাকে গুরুত্বপূর্ণ দলীয় পদে আসীন করায় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।

