রিকশাচালকের ঘু’ষিতে যুবদল নেতার মৃ’ত্যু!

নিজস্ব প্রতিবেদক, রায়পুর | ৫ মার্চ, ২০২৬

​লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অটোরিকশাচালকের মারধরে বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বেলাল উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত আরমান (৩৫) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির শাহ আলমের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সড়কে অটোরিকশা দাঁড় করানো নিয়ে চালক আরমানের সাথে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় যুবদল নেতা বেলাল হোসেন বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান। একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলালের সাথে তর্কে জড়ান এবং তার বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

​ঘটনার পর থেকেই অভিযুক্ত আরমান পালিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ জনতা লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে পৌর শহরের শহীদ ওসমান চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় তারা অভিযুক্ত চালক আরমানকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবরোধের ফলে শহরের প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

​রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আরমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *