নিজস্ব প্রতিবেদক | Info Bangla পাবনার ফরিদপুর উপজেলায় উপার্জনের একমাত্র সম্বল অটো ভ্যানটি কেড়ে নিতেই কি ১০-১১ বছরের এক নিষ্পাপ শিশুকে বলি হতে হলো? উপজেলার পুঙ্গলি ইউনিয়নের রতনপুর গ্রামের আজিম উদ্দিনের নাতি ও হারিস উদ্দিনের শিশুপুত্রকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে নির্জন নদীর তীরে। ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে তালতলায় বড়াল নদীর তীর থেকে উদ্ধার হওয়া এই শিশুর ক্ষতবিক্ষত মরদেহ ঘিরে এলাকা জুড়ে নেমে এসেছে শোক আর ক্ষোভের ছায়া। পরিবারটির জীবিকার অবলম্বন আর খুদে এই চালকের বেঁচে থাকার স্বপ্ন—সবই মুহূর্তে শেষ হয়ে গেছে ঘাতকদের চরম নির্মমতায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ভ্যান নিয়ে বের হওয়ার পর আর ঘরে ফেরেনি। পরবর্তীতে মাজাট গ্রামে নদীর তীরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ ও জনপ্রতিনিধিদের খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ডেমরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব জুয়েল রানা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান। তবে অবুঝ এই শিশুটিকে কেন এত নির্মমভাবে প্রাণ দিতে হলো, তার প্রকৃত কারণ এখনো উন্মোচিত হয়নি। উপার্জনের উদ্দেশ্যে বের হওয়া একটি ছোট শিশুকে এভাবে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে তার পরিবার। ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে এবং জড়িয়ে থাকা ঘাতকদের শনাক্ত করতে ইতোমধ্যেই অনুসন্ধানে নেমেছে পুলিশ।

