আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার একটি চারতলা বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আশুলিয়ার জামগড়ায় হাজী হযরত আলীর বাড়ির ওই কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে নতুন ভাড়াটিয়া হিসেবে এক নারী ও পুরুষ থাকতেন। বাসা ভাড়া নেওয়ার পর থেকেই তাদের ঘরের দরজা-জানালা বন্ধ থাকত। রাতে কক্ষটি থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের তালা ভেঙে তিনজনের মরদেহ দেখতে পায়। পরে সিআইডির ফরেনসিক টিম ও ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

