নিজস্ব প্রতিবেদক

​রাজধানীর ধানমন্ডিতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকালে ধানমন্ডির লেক সার্কাস এলাকার তাকওয়া মসজিদ প্রাঙ্গণে এই হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মসজিদ প্রাঙ্গণ থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

​জানাজায় অংশ নিতে আসা রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অভিযোগ, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর এ হামলা চালিয়েছেন।

​ভারতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মাত্র ৪৮ বছর বয়সে মারা যান মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। রোববার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে আনা হয়। ঢাকা হয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ আসর তার জানাজা হওয়ার কথা ছিল।

​তবে রোটনের মরদেহবাহী গাড়িটি ধানমন্ডিতে পৌঁছানোর আগেই পৌনে ৪টার দিকে সায়েন্সল্যাব মোড়ে পুলিশ বাধার মুখে পড়ে। ফলে মরদেহ তাকওয়া মসজিদে নেওয়া সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ অবস্থানের পর শেষ পর্যন্ত ধানমন্ডিতে জানাজা না করেই মরদেহ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় স্বজন ও সঙ্গে থাকা ব্যক্তিরা।

​ঘটনার বিষয়ে ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম জানান, মরদেহ নিয়ে আসা স্বজনদের ধানমন্ডিতে জানাজা শেষ করে যেতে বলা হলেও চট্টগ্রামে যেতে দেরি হয়ে যাবে জানিয়ে তারা চলে যান। আর জানাজাস্থল বা আশপাশের এলাকায় মিছিলের চেষ্টা করায় পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে এসেছে বলে জানান তিনি।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version