নিজস্ব প্রতিবেদক | Info Bangla

গণপতি চক্রবর্তীসহ তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যার পর পুরো বাসা অন্ধকারাচ্ছন্ন রাখার পেছনে পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয়াবহ তথ্য পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের পর শনিবার গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসাটি অন্ধকার দেখতে পায়। পরে রাত ১টার দিকে স্থানীয় ইলেকট্রিশিয়ান উজ্জ্বল কুমার বর্মনকে ডেকে এনে সংযোগটি সচল করা হয়। তবে পুলিশের তদন্ত কর্মকর্তা এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করায় এবং বিদ্যুৎ সংযোগ খোলার বাস্তব চিত্র সামনে আসায় ঘটনার তদন্তে যোগ হয়েছে নতুন মাত্রা।

ইলেকট্রিশিয়ান উজ্জ্বল কুমার বর্মন জানান, তিনি সেখানে গিয়ে দেখেন গণপতি চক্রবর্তীর বাড়ির বৈদ্যুতিক খুঁটি থেকে মূল সংযোগটির নিউট্রাল ফেজের তার পুরোপুরি খুলে রাখা হয়েছে। সাধারণ বাতাস বা কারিগরি ত্রুটিতে কোনো বাসাবাড়ির লাইন লুজ হলে তার স্পার্ক করে ঝুলে থাকে, কিন্তু এভাবে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে খোলা অবস্থায় থাকার সুযোগ নেই। তাঁর মতে, হত্যাকাণ্ড নিশ্চিদ্র করতে বা আলামত লুকাতে কোনো পেশাদার ব্যক্তিই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিদ্যুৎ সংযোগটি খুলে রেখেছিল।

অন্যদিকে মামলাটির তদন্ত কর্মকর্তা মিলন কুমার চ্যাটার্জি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান। এদিকে চাঞ্চল্যকর এই চার হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া দুই আসামির মাদকাসক্তির বিষয়টি নিশ্চিত হতে ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে পুলিশ। এই নৃসংশতার পেছনে স্রেফ মাদকাসক্তি নাকি সুপরিকল্পিত কোনো চক্রান্ত লুকিয়ে রয়েছে, তা নিয়ে জনমনে তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version