নিজস্ব প্রতিবেদক | Info Bangla

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র সংলগ্ন ‘স্বাধীনতা কমপ্লেক্স’-এর নাম পরিবর্তন করে ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ ঘোষণা করেছে সরকার। ১২ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নাম পরিবর্তনের এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

​প্রজ্ঞাপনে উল্লেখিত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলার পাঁচলাইশ উপজেলাধীন চাঁনগাঁও মৌজার (জেএল নম্বর-০৯, বিএস খতিয়ান নম্বর-০৩, দাগ নম্বর-১১৮৩৮) ১৬ দশমিক ৩৭ একর জমির ওপর নির্মিত ঐতিহাসিক কালুরঘাটস্থ ‘স্বাধীনতা কমপ্লেক্স’টি এখন থেকে ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ নামে পরিচিত হবে।

​এর আগে ২৪ মার্চ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কালুরঘাট বেতার কেন্দ্র এবং শহীদ জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ ও আধুনিকায়নে বিশেষ পরিকল্পনা গ্রহণের বিষয়টি জানানো হয়েছিল। সেই ধারাবাহিকতাতেই মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনটি জারি করা হয়।

​তবে সরকারের এই প্রশাসনিক সিদ্ধান্তে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মুক্তিযোদ্ধা এই পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কালুরঘাট বেতার কেন্দ্রটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭১ সালের ২৬ মার্চ দুপুর ও সন্ধ্যায় প্রথমে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান এই কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এর পরদিন, ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান ঘোষণাটি পুনরায় পাঠ করেন।
​মুক্তিযোদ্ধাদের দাবি, এম এ হান্নানসহ অন্যান্যদের প্রাথমিক অবদানকে আড়াল করে কেবল একক কোনো ব্যক্তিত্বের নামে এই ঐতিহাসিক স্থাপনার নামকরণ করা মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ও প্রকৃত ইতিহাসকে অসম্মান করা। ইতিহাস বিকৃতির এই প্রচেষ্টা অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে স্থানীয় মুক্তিযোদ্ধারা সরকারের এই সিদ্ধান্তটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version