নিজস্ব প্রতিবেদক | Info Bangla
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা কেন্দ্রিক বিরোধের ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন জেলা জজ আদালত। রোববার নির্ধারিত ধার্য তারিখে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে যাওয়া জামায়াত নেতারা হলেন—ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং কর্মপরিষদ সদস্য ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ। আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, উপজেলার কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠা ফেলাকে কেন্দ্র করে ঘটা বিরোধ থেকে পরবর্তীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ এনে আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে এ মামলাটি দায়ের করেন। এ মামলায় ময়মনসিংহ-৬ আসনের স্থানীয় সংসদ সদস্য কামরুল হাসান মিলনের ভাইসহ একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। এদিন ধার্য তারিখে আদালতে উপস্থিত না থাকায় সংসদ সদস্যের ভাইসহ অন্য কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার শীর্ষ তিন রাজনৈতিক নেতাকে কারাগারে পাঠানোর খবরে ফুলবাড়িয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

