নিজস্ব প্রতিবেদক | Info Bangla
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত শনিবার রাতে বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন মৃধা (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের বাসিন্দা এবং জুলাই আন্দোলনের একজন গেজেটভুক্ত সদস্য।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। ঘটনাস্থলে সন্দেহভাজন হিসেবে সুমন মৃধাকে আটক করা হয় এবং পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন জানান, ইয়াবাসহ আটকের পর সুমন মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের পূর্বক সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

