অনলাইন ডেস্ক:
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে গণমাধ্যমের সাথে মতবিনিময় ও বক্তব্যের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে দেওয়া এই পোস্টটি নেটিজেনদের ভিন্নরকম প্রতিক্রিয়ার মুখে পড়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে ভারতের মাটিতে বসে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা। একই সাথে ২০১৩ সালে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ বারবার করা হলেও ভারত তা রক্ষা করেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিবাদি বিজ্ঞপ্তির পোস্টে দেখা গেছে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। প্রকাশের অল্প সময়ের মধ্যেই এতে ৫৭ হাজারের বেশি মানুষ রিয়েক্ট করেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি—অর্থাৎ প্রায় ৩৩ হাজার ব্যবহারকারী ‘হাহা’ (Haha) রিয়েক্ট বা হাসির প্রতিক্রিয়া দিয়েছেন। এছাড়া প্রায় ১২ হাজার ‘লাইক’ ও ১০ হাজার ব্যবহারকারী ‘লাভ’ রিয়েক্ট জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন আনুষ্ঠানিক প্রতিবাদ ও বিজ্ঞপ্তিতে নেটিজেনদের এই বৃহৎ সংখ্যক ‘হাহা’ রিয়েক্ট দেওয়ার ঘটনাটি অনলাইন জগতে ব্যাপকভাবে চর্চিত হচ্ছে।

