নয়াদিল্লি :

প্রায় দু’বছর পর আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশে ফেরার দৃপ্ত ঘোষণা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভারতে আয়োজিত একটি বৈশ্বিক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন—অন্যায়, প্রতিকূলতা বা জীবনের ঝুঁকি—কোনো কিছুই তাকে দেশের মানুষের কাছ থেকে দূরে রাখতে পারবে না। চলতি বছরের ডিসেম্বরেই তিনি পরম প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তন করতে বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে এক অত্যন্ত আবেগঘন অথচ বলিষ্ঠ কণ্ঠে শেখ হাসিনা বলেন, “যে পরিণামই অপেক্ষা করুক না কেন, আমি আমার প্রিয় দেশবাসীর কাছেই ফিরে যেতে চাই। মানুষ যখন সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছে, তখন আমি নিজেকে সরিয়ে রাখতে পারি না।”

বাংলাদেশে ফেরার ক্ষেত্রে রাজনৈতিক মামলা, বৈরী পরিবেশ কিংবা জীবনঝুঁকির মতো সব বাধা তিনি তুচ্ছ বলে মনে করছেন। সাহসিকতার অনন্য পরিচয় দিয়ে তিনি মন্তব্য করেন, “আমাকে গ্রেফতার করার ভয় বা মিথ্যা মামলার হুমকি দিয়ে দমানো যাবে না। দেশের মানুষের প্রতি আমার রক্তের দায়বদ্ধতা কোনো ভয়ের চেয়ে অনেক বড়। জীবনের নিরাপত্তার হিসাব আমি বহু আগেই চুকিয়ে ফেলেছি।”

সংবাদ সম্মেলনে তিনি নিজের দীর্ঘ সংগ্রাম ও ঐতিহাসিক পারিবারিক ত্যাগের স্মৃতিচারণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বন্দি অবস্থায় পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্ম এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহ ট্র্যাজেডির পর দীর্ঘ ছয় বছর প্রবাসে কাটিয়ে দেশে ফেরার স্মৃতি তুলে ধরে তিনি স্মরণ করিয়ে দেন—জনগণের অধিকার রক্ষায় তিনি সব সময় প্রতিঘাত পেরিয়েই সামনে এগিয়েছেন।

শেখ হাসিনার এই সরাসরি সম্প্রচারিত সংবাদ সম্মেলনটি বিশ্বজুড়ে তৈরি করেছে এক অভাবনীয় ইতিহাস। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দেশ-বিদেশের প্রায় কোটিরও বেশি মানুষ সরাসরি যুক্ত হয়ে তার বক্তব্য শোনেন।

তার এই প্রত্যাবর্তনের বার্তায় বাংলাদেশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে নতুন উদ্দীপনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে নতুন আশার তরঙ্গ।দীর্ঘদিন পর প্রিয় নেত্রীর সাহসী এই আহ্বানে উদ্বেলিত আপামর জনতা।

 অন্যদিকে, জনমানুষের এই তুমুল জোয়ার দেখে রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কায় সরকার ও প্রতিপক্ষ শিবির নতুন করে গণজোয়ার ঠেকানোর নানা ছক কষতে বাধ্য হচ্ছে।

শেখ হাসিনা পুনরায় জোর দিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা নয়—দেশের মানুষের সুশাসন, মৌলিক অধিকার ফিরিয়ে আনা এবং তাদের পাশে থেকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তার জীবনের একমাত্র মূল লক্ষ্য ও ব্রত।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version