মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) রাতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা ওই বাড়ির দক্ষিণ পাশের প্রধান লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় বা কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ‘ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। নিক্ষিপ্ত বস্তুটি আসলেই পেট্রল বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশের তদন্ত শেষ হলে প্রকৃত রহস্য উন্মোচন হবে।’
পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করতে এবং ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।
