নিজস্ব প্রতিবেদক | Info Bangla

লোহিত সাগর, বাব-এল মানদেব প্রণালি এবং এডেন উপসাগরে অবাধ নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্য পথ নিরাপদ রাখতে সৌদি আরবের নেতৃত্বে গঠিত হলো ১৪টি দেশের এক শক্তিশালী সামরিক সামুদ্রিক জোট। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র রক্ষায় গঠিত এই জোটের নাম দেওয়া হয়েছে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’। গত ৩০ জুলাই সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্ব অর্থনীতি চরম চাপের মুখে পড়েছে। এ সংকটময় পরিস্থিতিতে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও বাব-এল মানদেব প্রণালির নৌপথে হামলা আরও জোরদার করে। বিকল্প পথ হিসেবে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত এই প্রতিরক্ষামূলক সামরিক জোট গঠন করা হলো। এই কূটনৈতিক ও সামরিক উদ্যোগের অংশ হিসেবে ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলসহ মোট ৪৩টি দেশের প্রতিনিধিরা বৈঠকে সরাসরি অংশ নেন।

দীর্ঘ আলোচনার পর সৌদি আরবের সাথে প্রতিরক্ষামূলক এই জোটে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান এবং কমোরোস। তবে ওই অঞ্চলের প্রভাবশালী দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমান এতে স্বাক্ষর করা থেকে বিরত রয়েছে। জোটের প্রধান প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সৌদি আরবকে ঘোষণা করা হয়েছে এবং সেখানেই এর সদর দপ্তর স্থাপন করা হবে, যদিও নিরাপত্তার স্বার্থে সুনির্দিষ্ট স্থানটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ নিরসনে জোটটির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে, এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানের লক্ষ্য নিয়ে এটি গঠিত হয়নি। যৌথভাবে নিজেদের সুরক্ষার স্বার্থে সদস্য দেশগুলো আপদকালীন গোয়েন্দা তথ্য বিনিময় করবে, নিয়মিত যৌথ সামরিক মহড়া চালাবে এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে সমন্বিত পরিচালনা পরিকল্পনা গ্রহণ করবে।

চলমান ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক তেল বাজারে বিশৃঙ্খলা দেখা দিলে সৌদি আরব বিকল্প হিসেবে তাদের ‘ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’ দিয়ে রেড সি’র ইয়ানবু টার্মিনাল ব্যবহার করে তেল রপ্তানি সচল রেখেছিল। কিন্তু অতি সম্প্রতি লোহিত সাগরে হুথিদের আক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় এই পথটিও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল।

ভৌগোলিক দিক থেকে মাত্র ১৮ মাইল চওড়া বাব-এল মানদেব প্রণালিটি বিশ্ব বাণিজ্যের অত্যন্ত স্পর্শকাতর একটি প্রবেশদ্বার। প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ পণ্য এই সংকীর্ণ পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো ছোটখাটো সামরিক বিঘ্নও বিশ্বজুড়ে নতুন করে বিশাল জ্বালানি ও অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। যৌথ দায়িত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এ সামুদ্রিক হুমকি মোকাবিলার ওপর জোর দিয়ে এই জোটের দরজায় অন্যান্য আগ্রহী দেশগুলোর জন্যও খোলা রাখা হয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version