নিজস্ব প্রতিবেদক ঢাকা, ২৮ জুলাই
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল করিম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গত ২৭ জুলাই (সোমবার) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মানিকদি আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল করিম রাতে স্থানীয় একটি দোকান থেকে মশার কয়েল কিনে বাসায় ফিরছিলেন। পথে আমতলা এলাকায় এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় অজ্ঞাতনামা ২–৩ জন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তাঁর দুই পায়েই গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় ও স্বজনেরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হঠাৎ কেন বা কী কারণে তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

