ঢাকা: রাজধানীর মুগদা এলাকার একটি ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২ জুন) রাতে আহমেদবাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে আহমেদবাগের ওই ফ্ল্যাটটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হলে তারা বিষয়টি বাড়ির মালিক ও স্থানীয় পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মুগদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তানভীর হোসেইনের মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর হোসেইন শুভ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম তবারক হোসেন। তাদের স্থায়ী বাসস্থান রাজধানীর সেগুনবাগিচায়। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি মুগদার ওই ফ্ল্যাটে একাকী বসবাস করে আসছিলেন।

বাড়ির মালিক গণমাধ্যমকে জানান, সবশেষ পবিত্র ঈদুল আজহার দিন তানভীর হোসেইনকে জীবিত দেখা গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন জানান, “খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আমরা আহমেদবাগের ওই বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। সেখানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।”

পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version