নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া এলাকায় র্যাব-১২ সদর দপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সলঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মহাসড়কের চড়িয়া র্যাব কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রাজশাহীগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস সেটিকে চাপা দেয়। বাসের প্রচণ্ড ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরও দুই যাত্রী। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে সলঙ্গা থানা পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘাতক বাসটিকে আটক করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

