নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সামরিক ও বেসামরিক প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

সেনাপ্রধানের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতার এক উৎকৃষ্ট দৃষ্টান্ত। তিনি উল্লেখ করেন:সামরিক ও বেসামরিক প্রশাসন একযোগে কাজ করলে যে কোনো কঠিন চ্যালেঞ্জ জয় করা সম্ভব।বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে এত উচ্চমানের এবং সুষ্ঠু নির্বাচন আর কখনো দেখা যায়নি।

নির্বাচন আয়োজনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা আপনাদের পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব ও কৃতিত্ব আপনাদেরই।”

নির্বাচন নিয়ে সংশয় কাটিয়ে ওঠার বিষয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এক সময় দেশে আশা ও হতাশার মিশ্র পরিবেশ তৈরি হয়েছিল। অনেকে মনে করেছিলেন নির্বাচন হয়তো সম্ভব হবে না। কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় সব বাধা পেরিয়ে দেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে।

জেলা প্রশাসকদের আশ্বস্ত করে সেনাপ্রধান জানান, যেকোনো জরুরি প্রয়োজনে সেনাবাহিনী দ্রুত সাড়া দিতে প্রস্তুত। তিনি বলেন, সংশ্লিষ্ট সেনা ইউনিটগুলোকে অবহিত করা মাত্রই তারা সহায়তায় এগিয়ে আসবে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা যেকোনো জাতীয় সংকটে সেনাবাহিনী সবসময় বেসামরিক প্রশাসনের পাশে থাকবে।

Leave A Reply

Exit mobile version