ডেস্ক রিপোর্ট: সড়ক সবার জন্য সমান হওয়ার কথা থাকলেও, গত কয়েকদিনের ব্যবধানে ঘটে যাওয়া দুটি দুর্ঘটনা যেন আইনের ভিন্ন রূপ ফুটিয়ে তুলেছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় সংসদ সদস্যের গাড়ির ধাক্কায় এক দরিদ্র ভ্যানচালক যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক তার কদিন আগেই রাজধানীতে প্রতিমন্ত্রীর গাড়িতে ঘষা লেগে শ্রীঘরে যেতে হয়েছে এক বাসচালককে।
লোহাগাড়ায় এমপির পাজেরোর তান্ডব পিষ্ট ভ্যানচালক
গতকাল ৩ মে, রোববার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনপুকুর এলাকায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর দ্রুতগামী পাজেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ভ্যানকে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, ধাক্কায় ভ্যানচালক মোহাম্মদ রবিউল ইসলাম (২৮) ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুমড়েমুচড়ে যায় ভ্যানটি। আহত রবিউল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, কক্সবাজার ভ্রমণ শেষে এমপি ফ্লাইটে ঢাকা ফিরলেও গাড়িটি সড়কপথে ফিরছিল।
দোহাজারী হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বনানীতে উল্টো চিত্র: প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা দিয়ে চালক গ্রেফতার
এর মাত্র কয়েকদিন আগে গত ২৮ এপ্রিল, মঙ্গলবার রাজধানীর বনানীতে ঘটে সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সাথে একটি ট্রাস্ট মিনিবাসের হালকা ধাক্কা লাগে। এতে প্রতিমন্ত্রীর গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কোনো আহতের ঘটনা ঘটেনি।
তবে তাৎক্ষণিকভাবে পুলিশ বাসচালক ওমর ফারুককে (২৫) গ্রেফতার করে। প্রতিমন্ত্রীর গানম্যানের করা মামলায় বর্তমানে ওই চালক শ্রীঘরে।
জনমনে প্রশ্ন: আইন কি তবে পদমর্যাদা দেখে?
একই সপ্তাহে ঘটে যাওয়া এই দুই ঘটনা সাধারণ মানুষের মনে জন্ম দিয়েছে নানা প্রশ্ন। লোহাগাড়ায় এমপির গাড়ি চালক যখন একজন ভ্যানচালককে পিষ্ট করে বহাল তবিয়তে, তখন বনানীতে প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা দিয়ে তড়িৎ গ্রেফতার হন সাধারণ বাসচালক। সচেতন মহল বলছেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইনকে তার আপন গতিতে চলতে হবে, যেখানে পদমর্যাদা নয় বরং অপরাধই হবে বিচারের মানদণ্ড।

