নিজস্ব প্রতিবেদক | ঢাকা

জুলাই-আগস্ট গণআন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর নজিরবিহীন হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায় প্রদান শেষে আদালত কক্ষ থেকে বের করে নেওয়ার সময় সাজাপ্রাপ্ত আসামিরা দায়িত্বরত পুলিশের ওপর চড়াও হন এবং তাদের সাথে ব্যাপক ধাক্কাধাক্কিতে লিপ্ত হন।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্তরা উত্তেজিত হয়ে পড়েন। তারা ট্রাইব্যুনাল চত্বরেই ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন এবং আদালতের দেওয়া এই রায় প্রত্যাখ্যান করার ঘোষণা দেন। পুলিশের কড়া পাহারার মধ্যেই আসামিরা চিৎকার করে বলতে থাকেন, “আমরা এই রায় মানি না। আমাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমরা সম্পূর্ণ নির্দোষ।” এ সময় সেখানে উপস্থিত আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয় এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের প্রিজন ভ্যানে তোলা হয়। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ নিহতের ঘটনায় এটিই প্রথম কোনো বড় মামলার রায়, যা কেন্দ্র করে আজ আদালত প্রাঙ্গণ উত্তাল হয়ে ওঠে।

Leave A Reply

Exit mobile version