নিজস্ব প্রতিবেদক, কালকিনি

মাদারীপুরের কালকিনি উপজেলায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে কেক কেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। গত শনিবার গভীর রাতে সংঘটিত এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার সকাল থেকে উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের ছেলে ও ছাত্রলীগ নেতা সুপ্রীতের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। প্রায় দেড় বছর অব্যবহৃত অবস্থায় থাকা কার্যালয়টি তারা প্রথমে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এরপর সেখানে কেক কেটে আনন্দ উল্লাস ও ‘জয় বাংলা’ স্লোগান দেন। ঘটনার ছবি ও ভিডিও রাতেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়।


​উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সারা দেশের ন্যায় কালকিনি উপজেলা আওয়ামী লীগের এই কার্যালয়টিও কার্যত বন্ধ ছিল। দীর্ঘ ১৮ মাস পর এই প্রথম কার্যালয়টি খুলে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা হলো। যদিও এই দীর্ঘ সময়ে দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন।


​এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version