বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

দেশের সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিটিএমএ’র জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি বলেন, বর্তমান বাস্তবতায় মিল চালু রাখা আর সম্ভব নয়। “১ ফেব্রুয়ারি থেকেই ফ্যাক্টরি বন্ধ থাকবে। বাধ্য হয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা আমাদের আর নেই,” বলেন তিনি।
মালিকদের আর্থিক সংকটের চিত্র তুলে ধরে শওকত আজিজ রাসেল জানান, খাতটির পুঁজি অর্ধেকেরও বেশি কমে গেছে। তার ভাষায়, “সব সম্পত্তি বিক্রি করলেও ব্যাংকের দায় শোধ করা সম্ভব হবে না।”
সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি দপ্তরে একের পর এক যোগাযোগ করেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। আমলাতান্ত্রিক জটিলতার কথা উল্লেখ করে বলেন, “সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগে গিয়েছি। কিন্তু সবাই পিলো পাসিংয়ের মতো দায়িত্ব একে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। বাস্তব কোনো সিদ্ধান্ত আসছে না।”
বিটিএমএ নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত নীতিগত সহায়তা ও শিল্পবান্ধব সিদ্ধান্ত না এলে দেশের টেক্সটাইল খাত আরও গভীর সংকটে পড়বে, যার প্রভাব পড়বে কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতেও।

ইনফো বাংলা/

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version