নিজস্ব প্রতিবেদক | Info Bangla
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর রাতে তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—অ্যাডভোকেট জিয়াউল হক কাজল (৬৩), তার ভাই আতিকুল ইসলাম (৫৫) এবং অ্যাডভোকেট মাহাবুবুর রহমান (৩৬)।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কাজল ও আতিকুলকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে এবং অ্যাডভোকেট মাহাবুবকে দেওভোগের পাকা রোডের গলি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন আইভী। মঙ্গলবার নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। শুনানিকালে তার আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানি শেষে আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীবেষ্টিত অবস্থায় আইভী স্লোগান দেন। তিনি বলেন, “জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা।” এ স্লোগান দিয়েই তিনি গাড়িতে ওঠেন এবং তখন উপস্থিত নেতাকর্মীরাও ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় গ্রেপ্তারকৃত তিনজনই আইভীর পাশে অবস্থান করছিলেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আদালত প্রাঙ্গণে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মী হয়ে তারা আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন এবং সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

