বিশেষ প্রতিনিধি: রংপুর নগরীর একটি তালাবদ্ধ বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অপর তিনজন হলেন তাঁর স্ত্রী, মেয়ে এবং ছেলে। নিজ বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসাটি বেশ কিছুদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। একপর্যায়ে ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে। পুলিশের পাশাপাশি সিআইডি ও ফরেনসিক টিম আলামত সংগ্রহে কাজ শুরু করেছে।
এক মর্মান্তিক ঘটনায় গভীর শোক, স্তব্ধতা ও ক্ষোভ প্রকাশ করেছে রংপুর জিলা স্কুল পরিবার। সাবেক এক শ্রদ্ধেয় শিক্ষক ও তাঁর পুরো পরিবারকে এভাবে হারানোর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের জোর দাবি জানানো হয়েছে। রংপুর জিলা স্কুল পরিবারের পক্ষে থেকে জানানো হয়, এটি যদি পরিকল্পিত হত্যাকাণ্ড হয়ে থাকে, তবে অবিলম্বে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

