নিজস্ব প্রতিবেদক | Info Bangla
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক জামায়াত নেতাকে বেধড়ক মারধর করা হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার (২৯ জুলাই) রাত সাড় ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম ফারুক হোসেন প্যাদা। তিনি দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, দাসপাড়া ইউনিয়নের একটি বাড়িতে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকার অভিযোগ এনে ফারুক হোসেনকে আটকে রাখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। এরপর তাকে সেখানে মারধর করা হয়। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
তবে পুরো ঘটনাকে একটি পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছেন আহত জামায়াত নেতা ফারুক হোসেন। অনৈতিক সম্পর্কের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, “স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির কয়েকজন বাসিন্দা পূর্ব শত্রুতার জের ধরে আমার ওপর এই অতর্কিত হামলা চালিয়েছে। তারা আমাকে মারধর করার পাশাপাশি আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।” নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যে দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন। পূর্বের বিরোধ থেকেই তারা এই ছক কষেছে।”
অন্যদিকে, ওই গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগম উল্টো অভিযোগ তুলে জানান, ফারুক দীর্ঘদিন ধরেই তার পুত্রবধূকে বিভিন্ন প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে ইতিপূর্বে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও তিনি তার আচরণ সংশোধন করেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মারামারির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জমা পড়লে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

