অনলাইন ডেস্ক | ঢাকা
একটি অনাকাঙ্ক্ষিত ও নাটকীয় ঘটনায় ভারতের দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে। আজ রোববার (১৪ জুন) একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি দিল্লি পৌঁছালে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
ঢাকায় প্রাপ্ত সর্বশেষ নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ডা. জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পর তাকে ভারতে প্রবেশের ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) দেয়নি দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বিমানবন্দরের ভেতরেই একটি নির্দিষ্ট কক্ষে তাকে আটকে রাখা হয়েছে।
উপদেষ্টাকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়তেই ঢাকার রাজনৈতিক মহল এবং কূটনৈতিক পরিমণ্ডলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে একজন উচ্চপদস্থ রাষ্ট্রীয় প্রতিনিধিকে এভাবে আটকে দেওয়া হলো, তা এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেনি ভারতীয় কর্তৃপক্ষ।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি ইতিমধ্যেই ভারতীয় নীতি-নির্ধারক ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে জোরদার আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ শুরু করেছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ডা. জাহেদ উর রহমান এখনও দিল্লি বিমানবন্দরের ভেতরেই অবস্থান করছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে নাকি ছাড়পত্র দিয়ে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে—তা নিয়ে এখনো টানটান উত্তেজনা চলছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

